হবিগঞ্জ- ৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ মো. আবু জাহির ও সিলেটের বিভাগীয় পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমান পিপিএমকে মোবাইল ফোনে হত্যার হুমকিদাতা কারণ্যক সরকারকে (৩৮) আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের গার্নিং পার্ক এলাকা থেকে কারণ্যক সরকারকে আটক করে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ।
আটক কারণ্যক সরকার বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামের বানেশ্বর সরকারের ছেলে। বুধবার দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
তিনি জানান, ১৬ সেপ্টেম্বর বেলা ৩টা ৩৪ মিনিট থেকে ৪টা ২৫ মিনিটের মধ্যে মোবাইল ফোনে এমপি আবু জাহির ও ডিআইজি মিজানুর রহমানকে হত্যার হুমকি দিয়ে মেসেজ ও ভয়েস কল করা হয়। পুলিশ প্রাথমিক অবস্থায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৭ সেপ্টেম্বর বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের মতিউর রহমানের ছেলে বোরহান উদ্দিন রুমন (২৪) এবং আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের আব্দুল হান্নানের ছেলে মিজানুর রহমানকে (২৪) আটক করে। পরে তাদের দেওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে বুধবার মূল হুমকিদাতা কারণ্যক সরকারকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র আরো জানান, কারণ্যক সরকার মোবাইল ফোনের যে সিম ব্যবহার করে এমপি ও ডিআইজিকে হুমকি দেন ওই সিমটি তার পাশের বাড়ির জনৈক সুরঞ্জনের নামে রেজিস্ট্রেশন করা।
সুরঞ্জনের সঙ্গে কারণ্যকের পারিবারিক বিরোধ রয়েছে। তাই তিনি সুরঞ্জনকে ফাঁসাতে প্রতারণার মাধ্যমে সুরঞ্জনের সিমটি রিপ্লেসমেন্ট করে কাস্টমার কেয়ার থেকে উঠিয়ে এ হুমকি দেন।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মোক্তাদির উপস্থিত ছিলেন।
কেএইচ





