যশোর-মাগুরা সড়কে বাসের ধাক্কায় কৃষ্ণপদ ঘোষ (২০) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৫টার দিকে যশোরের খাজুরা পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষ্ণপদ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাবাগপুর গ্রামের শিবুপদ ঘোষের ছেলে।

খাজুরা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মাসুদ হোসেন জানান, কৃষ্ণপদ ঘোষ খাজুরা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। যশোর-মাগুরা সড়কে রাতের দায়িত্ব পালন শেষে ফাঁড়িতে ফেরার সময় মোটরসাইকেল আরোহী কৃষ্ণকে সোহাগ পরিবহনের একটি বাস চাপা দেয়।

এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ফসলের ক্ষেতে নেমে যায়। গুরুতর আহত অবস্থায় যশোর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণ মারা যান। বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে এস আই মাসুদ জানান।

এআর