শরীয়তপুর জেলার জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তার হেনা হত্যায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এদাবি জানান ।

মানববন্ধনটি আয়োজন করে জাজিরা ছাত্র কল্যাণ ফাউন্ডেশন, রাউজিং স্টার, ফ্রেন্ডস অ্যান্ড ফিফটিন, এসডিও, হিমু পরিবহন, জাজিরা ডেভলেপমেন্ট ফাউন্ডেশন ও উই কেয়ার অর্গানাইজেশন নামে সংগঠন।

হত্যাকাণ্ডের ১ বছর পার হলেও হত্যাকারীদের বিচার হয়নি। তাই খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা জানান, শরীয়তপুর জেলার জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী চাঁদনী ২০১৫ সালের এই দিনে স্কুল ছুটির পর নিখোঁজ হয়।

পরদিন ওই এলাকার খালপাড় থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এঘটনায় প্রথমে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এরপর ১৩ মার্চ শরীয়তপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

পরে পুলিশ উভয় মামলায় চাঁদনীর বান্ধবী পাখিসহ মোট ৪২ জনকে গ্রেফতার করে। পরে ৫ জনকে আদালতে হাজির করেন বাকীদের ছেড়ে দেন। কিছুদিন পর ওই ৫ জনও জামিনে বেরিয়ে আসেন।

আদালত ৯ মাস আগে মামলার তদন্তের দায়িত্বভার সিআইডির কাছে হস্তান্তর করেন। কিন্তু এখন পর্যন্ত সিআইডি মামলার অভিযোগপত্র দেয়নি বলে চাঁদনীর বাবা আজগর খান অভিযোগ করেন। পাশাপাশি তিনি মেয়ে হত্যার সঠিক বিচারের দাবি জানান।

জাজিরাবাসীর পক্ষ থেকে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইফতেখার আমিন, আসাদুল্লাহ টিটু, অ্যাডভোকেট মিজানুর রহমান ও এনামুল হক প্রমুখ।

 

এআই