চাটমোহর পৌরসভার উপনির্বাচনে দুটি পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৯টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
পৌরসভার মেয়র পদে পাঁচজন এবং একটি মহিলা কাউন্সিলর পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক (তালা), উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল (আনারস), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান (কাপ-পিরিচ), ছাত্রদল নেতা মনির উদ্দিন মনি (চশমা) ও পৌর বিএনপির সদস্য তারা মিয়া (দোয়াত-কলম)।
১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের দুই প্রার্থী হলেন উপজেলা মহিলা দলনেত্রী পিয়ানুর বিশ্বাস (টিউবওয়েল) ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি ইয়াসমিন আরা বুরি (কলস)।
এদিকে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব-পুলিশের পাশাপাশি কাজ করছে বিজিবি।
২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনে পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা উপজেলা চেয়ারম্যান ও ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে পদ দুটি শূন্য হয়।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





