রাজধানীর খিলগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) জিয়া মো. মোস্তাফিজুর রহমান। তিনি সাবেক ওসি সিরাজুল ইসলাম শেখের স্থালাভিষিক্ত হলেন।

এর আগে খিলগাঁওয়ের গোরান এলাকার শান্তিপুর স্কুলের সামনে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে খিলগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখকে গত শুক্রবার প্রত্যাহার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার খিলগাঁওয়ে সংঘটিত ছিনতাইয়ের ঘটনার কারণে সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার করা হয়। শূন্যপদে লালবাগের পরিদর্শক (তদন্ত) জিয়া মো. মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে গোরান এলাকার শান্তিপুর স্কুলের সামনে ছিনতাইকারীদের গুলিতে সায়মন (২৮) ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হন তার বাবা ইসরাফিল (৫৫)।

ঘটনার পর ডিএমপি থেকে গণমাধ্যমকে জানানো হয় দায়িত্ব পালনে অবহেলার কারণে ওসি সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ