রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে এ এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে পদ্মার ভাঙন আতঙ্ক।

সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর বেথুরী, দেবগ্রাম, বাঘাবাড়ি, ছোট ভাকলা ইউনিয়নের টেংড়াপাড়া, চর বরাট, দৌলতদিয়া ইউনিয়নের নহাড়ি মণ্ডলের পাড়া, ঈশাইল শিবরামপুর ও কিয়ামদ্দিন মণ্ডলপাড় গ্রাম এলাকায় ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে।

গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, চলতি বছরে নদী ভাঙনে এ উপজেলার পদ্মা পাড়ের ২শ’ পরিবার নিঃস্ব হয়েছে। আর বন্যায় সাড়ে ৫ হাজার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যার পানিতে তলিয়ে ৬৫ হেক্টর জমির ফসল ও ১৫ হেক্টর ক্ষেতের সবজি নষ্ট হয়েছে।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতর আলী সরদার বলেন, গত কয়েক বছরে নদীতে পানি কমে যাওয়ার সময় ভাঙনে তার ইউনিয়নে গ্রামের পর গ্রাম পদ্মায় বিলীন হয়ে গেছে। এ বছর ভাঙন আতঙ্কে ইতিমধ্যে বেথুরী জামে সমজিদ, বেথুরী সরকারি পাঠাগার অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া হুমকির মধ্যে রয়েছে বাঘাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেবগ্রাম রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই