লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের তালিকাভুক্ত ডাকাত শাহ আলমের এলোপাতাড়ি গুলিতে ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লামচর ইউনিয়নের লামচর বাজারে এ ঘটনা ঘটে।

লামচর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল কুদ্দুছ জানান, ঘটনার সময় শাহ আলম মুখোশধারী কয়েকজন ডাকাতকে নিয়ে লামচর বাজারে আসে। এসময় কিছু বুঝে ওঠার আগেই লোকজনকে লক্ষ্য করে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে অন্তত ১০ জন আহত হয়।

আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তাদেরকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান আবদুল কুদ্দুছ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহ আলম পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

শাহ আলমসহ তার সঙ্গীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি মো. লোকমান হোসেন।

এএইচ