রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আঃ রহিম নামে ১ জন নিহত হয়েছেন। পুলিশের দাবি সে ডাকাত দলের সদস্য ছিলো।
ঘটনাস্থল থেকে পুলিশ ২টি ওয়ান শুটারগান ও ৯টি গুলির খোসা উদ্ধার করেছে। রহিম সদর উপজেলার ধুলদিজয়পুর গ্রামের বাসিন্দা।
রোববার দিনগত রাত আড়াইটার দিকে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
নিহত রহিম সদর উপজেলার ধুলদিজয়পুর গ্রামের হাসমতের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকালে রহিম ডাকাতকে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা গ্রেফতার করে। পরে দিনগত রাত আড়াইটার দিকে তাকে নিয়ে পুলিশ সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় যায়।
সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিম ডাকাতের গ্রুপের সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রহিম ডাকাতকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএস





