বিরল রোগে আক্রান্ত মুক্তামনির শরীরে দ্বিতীয় বারের মতো অস্ত্রপচার শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার হাতে অস্ত্রোপচার শুরু হয়।
এর আগে মুক্তামনিকে সকাল সাড়ে ৮টার দিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎকরা এই অস্ত্রোপচারে অংশ নেন।
ডা. সামন্ত লাল সেন জানান, এখন পর্যন্ত মুক্তামনি ভালো আছে। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। অস্ত্রোপচারের আগে সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করব।
উল্লেখ্য গত মাসে সাতক্ষীরা থেকে উন্নত চিকিৎসার জন্য মুক্তামনিকে সরকারি উদ্যোগে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বিরল রোগে আক্রান্ত শিশুটির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।
এএইচ





