ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ বলেছেন, ঈদ-উল আযহা উপলক্ষ্যে রাজধানীর ৫৬৮টি স্থানে ৬৫২ জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতের নামাজ যেন মুসল্লিরা নির্বিঘ্নে আদায় করতে পারে সে জন্য ডিএমপি'র পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ  করা হয়েছে।

রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে এসব কথা বলেন  তিনি।

তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের পূজা শুরু থেকে প্রতিমা বিসর্জন, ঘরে ফেরা মানুষের নিরাপত্তা এবং গরুর ট্রাক ঢাকায় আসা- এ তিনটি বিষয় মোকাবেলা করা বড়ো চ্যালেঞ্জ ছিল। তবে তা সফলভাবে মোকাবেলা করেছে ডিএমপি। আশা করছি সোমবারের ঈদ জামায়াতসহ সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, কোরবানীর পশুর হাট ও শপিং মল গুলোতে আমরা পূর্ণ নিরাপত্তা দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, আমাদের হিসাব মতে এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫শ গরু বিক্রি হয়েছে। আজকে দিনের মধ্যে ৩ লাখ ছাড়িয়ে যাবে। গরু  বিক্রি ও গরুর চামড়া বিক্রি নিয়ে স্থানীয়ভাবে যাতে কোনো ধরণের চাঁদাবাজি এবং জোর করে টাকা আদায় করার ঘটনা না ঘটে। সেজন্য  আমরা সতর্ক থাকবো।

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আপনারা যত্রতত্র কোরবানির বর্জ্য ফেলবেন না। যারা ফ্লাটবাসায় থাকেন তারা গাড়ি পার্কিংয়ের জায়গায় কোরবানি করুন।

এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহসহ সকল ঈদগাহে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ, ডিএমপি কন্ট্রোলরুম মনিটরিং, সোয়াত টিম, ডিএসপি বোম ডিসপোজাল ইউনিট, র‌্যাব-৩ এর কন্ট্রোল রুম এবং র‌্যাবের ডগ স্কোয়ার্ড নিরাপত্তার নিশ্চিতকরণে কাজ করছে।

জেইউ/ এমআর