যশোরে বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রাম থেকেআগ্নেয়াস্ত্রসহলিটন (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয় বলে জানা যায়।

সোমবার সকাল ৮টায় অস্ত্রসহ তাকে আটক করা হয়। তিনি পোর্ট থানার ভবারবেড় গ্রামের শাহাজান আলীর ছেলে।

পুলিশ জানায়, সন্ত্রাসী লিটন এলাকার ত্রাস। তিনি এলাকায় ফিরে আবারো সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোল সড়কের পাশে অবস্থিত মিলন তেল পাম্পের কাছ থেকে তাকে আটক করা হয়।

পরে তার কোমর থেকে একটি ওয়ান শ্যুটার পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র (চাকু) উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। এছাড়াও তার নামে থানায় ছিনতাই চাঁদাবাজিসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ