সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করতে গিয়ে অপহরণকারীদের সঙ্গে ডিবি পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
এসময় ঘটনাস্থল থেকে একজন গুলিবিদ্ধসহ তিন অপহরণকারীকে আটক ও অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার গভীররাতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাস্তুলপাড়ায় এ ঘটনা ঘটে।
এর আগে ২০ অক্টোবর (সোমবার) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে গোলাম মোস্তফা (৪৮) নামে ওই ব্যবসায়ীকে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে অপহরণকারীরা।
আটক অপহরণকারীরা হলেন- নাটোরের লালপুর উপজেলার কাশাহাটা গ্রামের আ. খালেকের ছেলে ফয়সাল (৩৪), বাগাতিপাড়া উপজেলার মাস্তুলপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে এনামুল (৩০) ও একই উপজেলার মহিষরৌহালী গ্রামের আবুল কালামের ছেলে হাফিজুল (২০)। এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় আটক ফয়সাল সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ২০ অক্টোবর (সোমবার) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে গোলাম মোস্তফা নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে।
অপহরণকারীরা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষরৌহালী গ্রামে টাকা নিয়ে আসতে বলে। এ কথার পরিপ্রেক্ষিতে অপহূত মোস্তফার ছেলে শরিফ টাকা নিয়ে যায়। এসময় পুলিশ ওই স্থানে আগে থেকে ওৎ পেতে থাকে। এসময় অপহরণকারীরা টাকা নিতে এলে ডিবি পুলিশ ফয়সাল নামে এক অপহরণহারীকে আটক করে।
পরে রাত ১টার দিকে ফয়সালকে নিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাস্তুলপাড়া গ্রামের এনামুলের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে গুলি চালায় অপহরণকারীরা। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনসহ আরো দুই অপহরণকারীকে আটক ও এনামুলের বাড়ির একটি ঘর থেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ব্যবসায়ী গোলাম মোস্তফাকে উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইন চার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, গুলিবিদ্ধ ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে উদ্ধারকৃত মোস্তফার ছেলে শরিফ বাদী হয়ে শাহজাদপুর থানা মামলা দায়ের করেছে।
কেএইচ





