বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, মেজর জিয়া যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তবে এদেশ স্বাধীন হতো না। শেখ মুজিব সাহেব স্বাধীনতার ঘোষনা দেননি এবং পরবর্তীতে প্রস্তুতও করেননি- এমন কথা লিখে বই বের করায় এ কে খন্দকারকে আওয়ামী লীগ আজ রাষ্ট্রদ্রোহী বলছে। যে-ই সত্য কথা বলছে তাকেই রাষ্টদ্রোহী হতে হচ্ছে।

রোববার টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার বন্যা দূর্গতদের মাঝে বিএনপি'র ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে, হামলা করে আন্দোলন দমানো যাবে না। আগামীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আন্দোলন করে ভারতের এই তাবেদারি সরকার হটিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করা হবে।

ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল ও জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম প্রমুখ।

গোপালপুর উপজেলা চর শশুয়া, ভূঞাপুরের গাবসারা ও মাটিকাট পয়েন্টে প্রায় দুই হাজার বন্যা কবলিত মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই