মাগুরা জেলায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের বনগ্রাম, নাওভাঙ্গা ও রাজপাটের এই তিন গ্রামে ১০ হাজার তাল বীজ রোপন করা হয়েছে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মসূচীতে অংশ নেয় বনগ্রাম, নাওভাঙ্গা ও রাজপাট গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষক।
ডিলার টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড মেসার্স আলমগীর মটরস্ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে বনগ্রাম বাজারে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ্যাডভোকেট জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন- রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, অধ্যাপক তৌহিদুর রহমান, মহম্মদপুর কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নকিবুর রহমান, বনগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আহমেদ, এ্যাডভোকেট গোলাম নবী শাহীন ও ইউপি সদস্য গোবিন্দ চন্দ প্রামানিক। স্বাগত বক্তব্য রাখেন- ডিলার টিভিএস অটোর সত্বাধিকারী আলমগীর হোসেন।
সভাশেষে বনগ্রাম, নাওভাঙ্গা ও রাজপাট গ্রামের বিভিন্ন সড়কের দু’পাশে এবং হাট-বাজারসহ পতিত জমিতে ১০ হাজার তালবীজ রোপন করা হয়।
টিভিএস অটোর সত্বাধিকারী আলমগীর হোসেন জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে আমরা তিন গ্রামে ১০ হাজার তাল বীজ রোপন করেছি। আমাদের এ কার্যক্রম আগামীতে ও অব্যাহত থাকবে। পাশাপাশি প্রকৃতিকে আরো সুন্দর করে সাজাতে আগামীতে এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হবে। আলমগীর মটরস্ এর ব্যক্তিগত এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।
সাইফুল্লাহ/এমবি





