বরিশাল সদরসহ মেহেন্দীগঞ্জ উপজেলায় আলাদা অভিযানে প্রায় ৩০০ মণ জাটকা আটক করেছে থানা পুলিশ ও কোস্টগার্ড।

গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে জাটকাগুলো আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার এসআই বশির জানান, শুক্রবার রাত ৮টার দিকে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ইটের ভাটা এলাকায় অভিযান চালিয়ে ১০ মণ জাটকা ইলিশ আটক করা হয়। সে সময় জাটকা ধরা এবং পাচারের সঙ্গে যুক্ত থাকার অপরাধে হানিফ নামের একজনকে আটক করা হয়।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মেহেন্দীগঞ্জ উপজেলার কালিগঞ্জের গজারিয়া নদীতে যৌথ অভিযান চালায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

এ সময় একটি ট্রলার থেকে আনুমানিক ৩০০ মণ জাটকা উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বরিশালে জেলা মৎস কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

ইআর