২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ও তাকে সমর্থন করায় আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্থানীয় জিয়া অডিটরিয়ামে ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থী ও নেতা-কর্মীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সভায় নির্বাচনী এলাকায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রকাশ্য অস্ত্রের মহড়া ও তাদের প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।
বহিস্কৃতরা হলেন, স্থানীয় করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী নুর নবী খোকন এবং তার সমর্থনকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম তসলিম হোসেন।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলার পাঁচ ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা।
এ সময় প্রার্থীরা অভিযোগ করেন, প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ডগুলোতে ইউপি সদস্য পদে দলীয় একাধিক নেতাকর্মী প্রার্থী হওয়ায় চেয়ারম্যান প্রার্থীদের সমস্যা হচ্ছে। একইসঙ্গে অভ্যন্তরীণ কোন্দল, দলের বিদ্রোহী প্রার্থী ও বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের কারনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনে বিঘ্ন ঘটছে।
এর প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার বক্তব্যে, শেখ হাসিনার সিদ্ধান্ত লঙ্ঘন ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং তাকে সহযোগিতা করায় স্থানীয় করপাড়া ইউনিয়নের দুই নেতাকে দল থেকে বহিস্কারের ঘোষণা দেন।
এ সময় তিনি আরও বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে নাশকতাকারী বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নির্বাচনী এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছে। কিন্তু পুলিশ রহস্যজনক কারনে এগুলো দেখেও দেখছে না। তাই দলীয় নেতাকর্মীদের এসব সন্ত্রাসীদের ধরে পুলিশে সোপর্দ করার নির্দেশ দেন আওয়ামী লীগের এ নেতা।
এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা প্রতীকের সুনাম অক্ষুন্ন রাখতে দলীয় প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ মোমিন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সফিকুল ইসলাম, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন প্রমুখ।
এম আর





