মে, জুন ও জুলাই মাসে বঙ্গোপসাগরে ৩ থেকে ৪টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদফতরের ৩ মাস মেয়াদী আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে একথা বলা হয়।

মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

মে মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী বজ্রঝড় ও দেশের অন্যত্র ৩ থেকে ৪ দিন হালকা অথবা মাঝারি বজ্রঝড় হতে পারে।

মে মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যত্র ২ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

মে মাসে দেশের নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকবে। তবে মাসের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।

জুন মাসের প্রথমার্ধে সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে।

জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে।

এ মাসে বঙ্গোপসাগরে একটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

এসএইচ