জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের প্রবাসীসহ দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল মুক্তিপণ আদায় করতে ওই দুই বাড়ি থেকে দুই শিশুকে অপহরণ করে নিয়ে গেছে। ডাকাতদের মারপিটে দুই পরিবারের নারী-শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছে। লুট হয়েছে নগদ টাকা, মোবাইল সেট ও স্বর্ণালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল।

বুধবার ভোর রাত সাড়ে চারটার দিকে ইউনিয়নের পূর্ব গর্জনতলী নতুন মসজিদ মইক্যাঘোনা নামক এলাকায় এ ঘটনা।

আক্রান্ত পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতি শেষে চলে যাওয়ার পথে ডাকাতরা দুই পরিবারের স্কুল পড়ুয়া দুই ছাত্রকে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃতরা হলো, স্থানীয় জহির আহমদের ছেলে খুটাখালী প্রি ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র আবদুর রহিম (১২) ও প্রবাসী রশিদ আহমদ খলিফার ছেলে খুটাখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ এহেছান (১৪)। ডাকাতদল মুক্তিপণ হিসেবে এদের পরিবারের কাছে তিন লাখ দাবি করেছে।

পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে অপহরণকারীরা মুক্তিপণের পরিমাণ দুই লাখ টাকায় নামিয়ে আনে বলে জানান অপহৃত শিশুদের পরিবার।

জেআই