ভোটার তালিকা হালনাগাদের প্রথম পর্যায়ের ১৪৪ উপজেলার হালনাগাদের কাজ শেষ হয়েছে। এসব উপজেলায় নতুন ভোটারের সংখ্যা ১০ লাখ ৩২ হাজার ৩শ' ৯৭ জন। আর ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ৭৯ শতাংশ। এসব ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৮৭ হাজার ৩শ' ৫১ জন এবং মহিলা ভোটার ৪ লাখ ৪৫ হাজার ৪৬ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,প্রথম পর্যায়ের ১৮১ উপজেলার মধ্যে ১৪৪ উপজেলার হালনাগাদ কাজ শেষ হয়েছে। বাকি ৩৭টি উপজেলার নিবন্ধন কাজ শেষ হবে আগামী ১৫ জুলাই।

এছাড়া দ্বিতীয় পর্যায়ে ২১৩টি উপজেলায় নিবন্ধনের কাজ চলছে। এসব উপজেলায় ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। এখন নিবন্ধন কেন্দ্রে নিবন্ধনের কাজ চলছে।

এছাড়া তৃতীয় পর্যায়ে ঢাকা মহানগরীসহ ১২০টি উপজেলার তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আর নিবন্ধন চলবে ১৮ সেপ্টেম্বর- ১৫ নভেম্বর পর্যন্ত।

২০১৫ সালের ০১ জানুয়ারী যাদের বয়স ১৮ বছর বা তার বেশী তাদেরকে ভোটার করার লক্ষ্য নিয়ে গত ১৫ মে ২০১৪ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়।

সারাদেশে চলমান ভোটারের ৫ শতাংশ বৃদ্ধি ধরে মোট ৪৬ লাখ ভোটার বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে হালনাগাদ কার্যক্রম শুরু হয়। তিন ধাপে ৫১৪টি উপজেলায় হালনাগাদ কার্যক্রম শেষ হবে।

এদিকে ভোটার তালিকা হালনাগাদের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৩ নির্বাচন কমিশনার, ভারপ্রাপ্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, মহাপরিচালক, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগসহ উর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় সিইসি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে সফলভাবে সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা   চান। এছাড়া নির্বাচন কমিশন নতুন ভোটার হওয়ার যোগ্য ও বাদ পড়া ভোটার সকলেই যাতে হালনাগাদে ভোটার হতে পারেন তা নিশ্চিত করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন তিনি।

ঢাকা, এএম, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর