চট্টগ্রামের পটিয়ার কচুয়াই ইউনিয়নের কথাকচুয়াই গ্রাম থেকে গতকাল রোববার ভোরে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। ওই তরুণের পরিবারের সদস্যরা জানান, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে কেউ একজন ফোন করে তাঁকে ডেকে নিয়ে যায়। ভোরে বাড়ি থেকে দেড় শ গজ দূরে একটি খালি জায়গায় তাঁর লাশ পড়ে ছিল।

আরমান উদ্দিন (১৯) পেশায় নির্মাণশ্রমিক। মরদেহের একাধিক স্থানে আঘাত ও গলায় জখমের চিহ্ন ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরমানের মা শাহেদা বেগম জানান, শনিবার রাত তিনটার দিকে আরমানের মুঠোফোনে কেউ কল করে। ফোন পেয়ে তাঁর ছেলে বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে কলঘর এলাকায় যাচ্ছেন বলে তাঁদের জানান।

বাবা অটোরিকশার চালক মফিজুর রহমান বলেন, প্রায় দুই বছর আগে আরমানের সঙ্গে বোয়ালখালী উপজেলার আরাফাত নামের এক তরুণের বন্ধুত্ব হয়। তখন থেকে আরাফাত তাঁদের বাড়িতে প্রায় আসা-যাওয়া করতেন। কিছুদিন আগে পটিয়ার এক তরুণীর সঙ্গে প্রেম হয় আরাফাতের। এ নিয়ে দুজনের বন্ধুত্বে বিরোধ সৃষ্টি হয়। তাঁর ধারণা, এ ঘটনার জের ধরে তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হতে পারে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, আরমানকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আরাফাতকে গ্রেপ্তার করতে পারলে হত্যাকাণ্ডের আসল রহস্য বের হবে।

এম এ