ঢাকার সাভারে এক নববধূকে ‘শ্বাসরোধে’ হত্যার করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার সতিন; আটক হয়েছেন স্বামী।

নিহত সুমি আক্তার শিউলির (২২) বাড়ি টাঙ্গাইল উপজেলার একডালা গ্রামে।

সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে ডগরমোড়া মহল্লার বাসায় ‘গলা টিপে’ সুমির শ্বাসরোধ করা হয়।

পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, সুলতান মিয়া নামের এক ব্যক্তি তার প্রথম বিয়ের কথা গোপন রেখে কিছুদিন আগে সুমিকে বিয়ে করেন।

“প্রথম স্ত্রী মালেকা বেগম স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে সুমিকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”

ঘটনার পর পুলিশ জামসিং এলাকা থেকে সুলতানকে আটক করলেও মালেকাকে সেখানে পাওয়া যায়নি।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এমকে