মাদারীপুরের ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে একটি হাসপাতালের বিরুদ্ধে। জেলার কালকিনিতে অবস্থিত একটি প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে এ অভিযোগ।
আধুনিক যন্ত্রপাতির অভাব ও চিকিৎসকের গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্বজন ও স্থানীয়দের।
আর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করলেও অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় প্রসব ব্যথা নিয়ে মাদারীপুরের কালকিনি মডার্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি হন বাঁশগাড়ি এলাকার রিপন মুন্সীর স্ত্রী সাহিদা আক্তার। পরে ওই হাসপাতালে সাহিদার অস্ত্রোপচার করা হয়। এতে নবজাতের মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের। পরে তড়িঘড়ি করে গুরুতর অসুস্থ অবস্থায় রাতেই সাহিদাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শুক্রবার (১৯ জুলাই) দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহিদা।
তবে দায়িত্বে অবহেলা কিংবা ভুল চিকিৎসা নয়, অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবী হাসপাতাল কর্তৃপক্ষের।
কালকিনি মডার্ন প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হরিপদ দাস বলেন, ডাক্তার আগেই ঝুঁকির ব্যাপারে রোগীর স্বজনদের সতর্ক করে দিয়েছিলেন।
এদিকে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। কালকিনি থানার উপ-পরিদর্শক সঞ্জয় ঘোষ বলেন, আত্মীয়রা লিখিত অভিযোগ দিলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব।
২০১৫ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালটির বিরুদ্ধে আধুনিক যন্ত্রপাতির অভাব ও চিকিৎসকের গাফিলতির কারণে এর আগেও রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
জেড





