বিশ্ব ইজতেমায় প্রতিবছরের মতো এবারও গণ বিয়ের আয়োজন করা হয়েছে। ইজতেমা আয়োজক কমিটি জানিয়েছে, এবছরের প্রথম দফা ইজতেমায় এবার গণবিয়ের আয়োজন করা হয়েছে। আজ শনিবার বাদ আসর এ গণবিয়ে সম্পন্ন হবে। গণবিয়ের তালিকায় ৫০ জনের নাম জমা হয়েছে।
ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, বিশ্ব ইজতেমায় প্রতিবছর গণবিয়ের আয়োজন করা হয়। এবারও গণবিয়ের জন্য ৫০ জন নাম লিখিয়েছেন। গত বছর বিশ্ব ইজতেমায় ৯৫টি গণবিয়ের অনুষ্ঠান হয়েছিল। ২০১২ সালের ইজতেমায় ১০৪টি গণবিয়ের আয়োজন করা হয়।
বিশ্ব ইজতেমার অন্যতম বড় আয়োজন যৌতুকবিহীন বিয়ে। তাবলিগের রেওয়াজ অনুযায়ী, শরিয়ত অনুসরণ করে বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশে যৌতুকবিহীন বিয়ের আসর বসে।
এ বিয়েতে কনে উপস্থিত না থাকলেও চলে। কনেপক্ষের স্বজনেরা তার সম্মতি নিয়ে ইজতেমা ময়দানে আসেন। এরপর ইজতেমা ময়দানে কনে ও বরপক্ষের স্বজন আর বরের উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হয়।
বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ বিয়েতে ‘মোহর ফাতেমিন’ নিয়মানুযায়ী মোহরানা ধার্য করা হয়। নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় ১৫০ তোলা রুপা বা তার সমপরিমাণ অর্থ।
ঢাকা: ( ২৫ জানুয়ারি টাইমনিউজবিডি.কম ) // ই এইচ





