দিনাজপুরের হিলিতে তাফহিমুল হুসাইন (৩৪) নামে এক ভুয়া চিকিৎসকসহ ১৫ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।চাকুরি দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তাদের আটক করা হয়। সিল গালা করা হয়েছে তার পরিচালিত 'হিলি লায়ন্স হসপিটাল'।
সোমবার সন্ধায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আজাহারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।তাফহিমুল ইসলাম দিনাজপুরের নিউ টাউনের ডাক্তার মনিরুজ্জামানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, তাফহিমুল হিলির চারমাথা মোড়ে লায়ন্স হসপিটাল নামে একটি হাসপাতাল চালু করে। তিনি গত আগস্ট মাস থেকে ডাক্তার পরিচয়ে সেখানে চিকিৎসা সেবা দিতে শুরু করেন।
এব্যাপারে এলাকায় ব্যাপক প্রচার প্রচরণা চালায়। আগামী ৩১ ডিসেম্বর ওই হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা বলা হয়।এদিকে হাসপাতালে লোক নিয়োগের নামে এলাকার ১০৮ জনের কাছ থেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা করে নেন। তিনি সর্বমোট ১২ লাখ ৪৪ হাজার ৫ শত টাকা আত্মসাত করেন।
এবিষয়ে অভিযোগের ভিত্তিতে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই হাসপাতালে যান।এ সময় তিনি হাসপাতালের পরিচালক ওই ডাক্তারের নিকট হাসপাতালের অনুমোদনসহ তার ডাক্তারি সনদ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।
পরে হাসপাতালের সব মালামাল জব্দ এবং ওই ডাক্তারসহ হাসপাতালের ১৫ জন সহকর্মীকে গ্রেফতার এবং হাসপাতালটি সিলগালা করে দেন।এসময় হাসপাতালের ম্যানেজারসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডাক্তার সোলায়মান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক জামিল হোসেন।
জানা গেছে,আপাতত তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমকে





