কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় পুলিশকে লক্ষ করে বোমা ছুড়ে দুই জেএমবি সদস্য। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) মনিরুল ইসলাম জানান, সকাল সোয়া ১১টায় সন্দেহজনক গতির কারণে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় শ্যামলী পরিবহণের একটি বাস পুলিশ ধাওয়া করে আটক করে। এরপর সেখান থেকে যাত্রীবেশী দুই জেএমবি সদস্য ‘আল্লাহু আকবার' ধ্বনি দিয়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। প্রায় ২০ মিনিটের প্রচেষ্ঠায় ২৪ রাউন্ড গুলি ছুড়ে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।এ সময় গুলিবিদ্ধ অবস্থায় জসিম (২২) ও হাসান (২৪) নামে দুই জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি বোমা ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামাল হোসেন জানান, গুলিবিদ্ধ জেএমবি সদস্য জসিম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এবং হাসান পুলিশ হেফাজতে চান্দিনা হাসপাতালে চিকিৎসাধীন।

আটক জেএমবি সদস্য হাসান চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শান্তিরহাট গ্রামের বাসিন্দা। অপরজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এসময় হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চল সুপার রেজাউল করিম, জেলা পুলিশ সুপার শাহ্ মো. আবিদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া ও চান্দিনা থানার ওসি নাছির উদ্দিন মৃধাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।


রাসেল/জারিফ