চাঁদপুরের শাহরাস্তিতে বাসের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত আরও দুজন।
রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজিযাত্রী।
নিহতরা হলেন শাহরাস্তি উপজেলার সাহাপুরের আবুল কালাম (৬৫), কচুয়ার আশ্রাফপুরের রণজিৎ চন্দ্র মজুমদার (৭৫), আশ্রাফপুর ইউনিয়নের ভবানিপুরের জান্নাতুল ফেরদৌস মনি (২৭), ও রোমান (৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, টঙ্গীগামী কর্ডোবা বাস এবং চাঁদপুরমুখী সিএনজিচালিত অটোরিকশা চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কাকৈরতলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন এবং শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নিহত হন।
স্থানীয়রা জানান, বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-০৫১১। দুর্ঘটনার পর বাসের চালক-হেলপার পালিয়ে গেছে। বাসটি ঘটনাস্থলেই রয়েছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, এ দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
জেড





