ভোলায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক এবং শ্রমিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা হয়েছে।

মঙ্গলবার (২৯আগস্ট) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহামান, বিটিভি প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক এম এ তাহের, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক খাজা মহিউদ্দিন শকিল, ট্রাক-লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম প্রমূখ।

এসময় পুলিশ সুপার মো. মোকতার হোসেন বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষকে হয়রানি করা যাবে না। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। বাস-ট্রাক  বেপরোয়া গতিতে চালানো যাবে না। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। সুনির্দিষ্ট কারণ ও পুলিশ সুপারের নির্দেশ ছাড়া কোনো বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানকে তল্লাশী করা যাবে না।

এসময় তিনি বাস মালিক ও শ্রমিকদের যাত্রীদের হয়রানি ও বেপারোয়া গতিতে গাড়ি না চালানোর আহবান জানান ।

কামরুজ্জামান/এমবি