মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মালিপাথর এলাকায় নিজ বাড়িতে যাবার সময় গিয়াস উদ্দিন (৪৫) নামের এক যুবককে গুলি করেছে একই এলাকার সন্ত্রাসীরা। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার দিবাগত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় গিয়াস উদ্দিনের আর্তচিৎকারে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল আনা হয়।

জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডাক্তার শৈবাল বসাক জানান, গিয়াসউদ্দিনের ডান পায়ের হাটুতে গুলি লেগেছে।

গুলি পায়ের ভিতর থেকে বের করতে না পাড়ায় ও উন্নত চিকিৎসার জন্য গিয়াস উদ্দিনকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে ডা. শৈবাল বসাক জানিয়েছেন।

গুলিবিদ্ধ গিয়াসউদ্দিন জানান, মালিপাথর এলাকার বাদশা, নাহিদ ও দেলোয়ার গংদের সঙ্গে তার পূর্ব বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা ওই তিন সন্ত্রাসী তার উপর এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে মুন্সীগঞ্জ সদর থানার এসআই রেজাউল করিম জানান, এ ঘটনায় এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। সদর থানায় অভিযোগ দাখিলের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কেএইচ