ফাঁস হওয়া প্রশ্নপত্রে নেয়া মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ও নতুন করে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব।
আজ চিকিৎসকদের এ সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পক্ষে সভাপতি অধ্যাপক ডা: এ.কে.এম. আজিজুল হক এবং মহাসচিব অধ্যাপক ডা: এ.জেড.এম. জাহিদ হোসেন এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ফাঁসকৃত প্রশ্নে ফলাফল প্রকাশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পরীক্ষার পূর্বের রাতে বিভিন্ন সামাজিক গণমাধ্যম ও মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ পায় এবং তা পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায়। আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত গুটিকয়েক ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের তথ্য উপাত্ত ও স্বীকারোক্তি অনুযায়ী প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায়। এরপরও সেই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করে ফলাফল প্রকাশ করায় চিকিৎসক সমাজ দেশবাসীর সঙ্গে উদ্বিগ্ন।
দেশের সাধারণ দরিদ্র মেধাবী, যোগ্য শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন আজ ধুলন্ঠিত। অনতিবিলম্বে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ড্যাব।
সেই সঙ্গে প্রকাশিত ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার সুযোগ দেয়ারও জোর দাবি জানায় ড্যাব।
এসএইচ





