জয়পুরহাটে হরতাল ও অবরোধ বিরোধী মিছিল থেকে শহরের একটি বেসরকারি ডায়াগনোস্টিক সেন্টার ও ইসলামী ব্যাংকসহ দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনা ঘটেছে। ওই সময় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে শহরের প্রধান সড়ক অতিক্রমের সময় হরতাল ও অবরোধ বিরোধী শ্লোগানসহ একটি মিছিল থেকে ইসলামী ব্যাংকের সাইনবোর্ড ও পার্শবর্তী একটি জুতার শো’রুমে ককটেল হামলা চালানো হয়। ওই সময় ব্যাংকের পাশের লটো ও লেডিবার্ড নামের দু’টি দোকানের সামনের কাঁচ ভেঙে যায়।
এর প্রায় ঘণ্টা খানেক পর একই সড়কের আমতলী এলাকায় ‘গ্রাজুয়েট ডায়াগনোস্টিক সেন্টার এন্ড কনসালট্যান্সী’ নামের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। হরতাল বিরোধী এসব কর্মকাণ্ডে জনমনে আতংক ছড়িয়ে পড়ে এবং দ্রুত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শহরে মহিলা লীগের একটি সমাবেশ চলছিল। হঠাৎ হরতাল বিরোধী মিছিলের কথা জানতে পারি। পুলিশ মিছিলের সাথে যায়। কয়েকটি প্রতিষ্ঠানে ইট পাটখেল মারা হয়েছে, কারা এটি করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জেআই





