মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের শিশুপার্ক এলাকায় গতকাল শুক্রবার রাতে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৫০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার বারইগ্রামের মোবারক হোসেন (৩৫) ও অটোরিকশার চালক কিশোরগঞ্জ জেলা সদরের কলাপাড়া এলাকার শরীফ হোসেন (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী বলেন, পুলিশের একটি দল গতকাল রাত আটটার দিকে জুড়ী-লাঠিটিলা সড়কের ধামাই চা-বাগানের প্রবেশপথে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিল। এ সময় ধামাই চা-বাগানের ভেতর থেকে আসা একটি অটোরিকশা পুলিশের সংকেত অমান্য করে না থেমে দ্রুত চলে যায়। তখন পুলিশ মোটরসাইকেলে করে অটোরিকশাটিকে ধাওয়া করে। একপর্যায়ে শিশুপার্ক চত্বরে এলাকাবাসীর সহযোগিতায় অটোরিকশাটিকে থামানো সম্ভব হয়।

হামিদুর রহমানের দাবি, গাড়ি চোর সন্দেহে উত্তেজিত জনতা শরীফ ও মোবারককে মারধর করে। পুলিশ তাঁদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ওসির ভাষ্য, এ ঘটনায় ওই অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে। আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবারক ও শরীফের বিরুদ্ধে মামলা হয়েছে।

কেএইচ