কুড়িগ্রাম উপজেলা রৌমারীতে এবারের বন্যায় বীজতলা, রোপা আমন, পাট, আখ, শাক-সবজিসহ প্রায় ৯ কোটি টাকার ফসলের ক্ষতি সাধিত হয়েছে। এ ব্যাপক ক্ষতি পুষিয়ে নিতে আগাম আমন ও বেশি করে শীতের সবজি চাষের পরামর্শ দিয়েছেন কৃষি অফিস। এছাড়াও নতুন করে বীজতলার ক্ষতি না হয় সেজন্য ভাসমান বীজতলা তৈরিরও পরামর্শ দেয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আজিজল হক জানান, ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫৮ হেক্টর জমি মধ্যে পাট ৪০৩, আমন ধান ৩৫, বীজতলা ২১৩, শাক-সবজি ২১১, আউশ ৯৬ ও আখ ১২০ হেক্টর। এ ক্ষতির শিকার হয়েছেন ১৭ হাজার ৯’শ কৃষক।
এদিকে বন্যার পানি নেমে গেলেও অধিকাংশ জমিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হলে কোন আবাদই সময় মত রোপন করা সম্ভব হবে না। রৌমারী সদর ইউনিয়নের ইছাকুড়ি গ্রামের কৃষক ইনতাছ আলী, যাদুরচর ইউনিয়নের আলহাজ্ব শামসুল মন্ডলসহ অনেকে জানান বন্যা নিয়ন্ত্রন বেরিবাঁধ ভাঙ্গার কারণে অত্র এলাকার কৃষি জমির বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও রাস্তা ভেঙ্গে প্রতিটি জমিতে পড়েছে বালুর আস্তরণ। ফলে তুলনামূলক উঁচু জমি পাওয়া যাচ্ছে না।
এমবিএইচ





