চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০ লাখ টাকা মূল্যের ১৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এগুলোর ওজন এক কেজি সাতশ’ গ্রাম।
বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দুই জন যাত্রীর জুতা থেকে উদ্ধার করা হয় স্বর্ণের বারগুলো। ওই দুই যাত্রীকে আটক করা হয়েছে। তারা হলেন কুমিল্লার মোহাম্মদ সবুজ এবং চট্টগ্রামের রাউজান উপজেলার গোলাম মোর্শেদ।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার ওথেলো চৌধুরী এ ব্যাপারে বলেন, রাত এগারোটার দিকে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০২৪ এর ওই দুই যাত্রীর জুতার শুকতলা থেকে উদ্ধার করা হয় সোনার বারগুলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





