ভোলায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে আবুল কালাম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

সোমবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটে।

তজুমদ্দিন থানার ওসি মো. মাসুম তালুকদার এ তথ্য জানিয়েছেন।

নিহত আবুল কালামের লাশ তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আহতদের মধ্যে মো. কিরণ (৩০) দুর্ঘটনায় পড়া ট্রলারের মালিক। পুলিশ তাৎক্ষণিকভাবে বাকি দুজনের পরিচয় জানাতে পারেনি।

ওসি মাসুম তালুকদার বলেন, সকালে ঢাকা থেকে হাতিয়াগামী ‘এমভি ফারহান-৩’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ওই ট্রলারকে ধাক্কা দিলে জেলেদের নিয়ে সেটি ডুবে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আবুল কালামের লাশ উদ্ধার এবং আহত তিনজনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান তিনি।

এমই