শুধু অর্থনৈতিক উন্নয়ন প্রমাণ করেনা আমাদের জীবন মানের উন্নতি হয়েছে। মানুষের গুণগত জীবন মানের উন্নয়নে সমতা আনতে হবে। এ জন্য ধনী-গরিবের মাঝে ব্যবধান কমিয়ে আনতে হবে বলে মন্তব্য করে বলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শনিবার রাতে বাংলাদেশ ইকোনোমিস্টস ফোরাম (বিইএফ) আয়োজিত এক সম্মেলনে ‘সিকিউরিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট-এর ডেভেলপমেন্ট প্রাকটিশনার পারসপেক্টিভ’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং পর্যাপ্ত রেমিটেন্স বলে দেয় আমাদের অর্থনীতি এখন স্থিতিশীল। বাংলাদেশের মানুষের জীবন মানের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।
তিনি আরো বলেন, তরুণরা হচ্ছে, যে কোন দেশের মূল চালিকা শক্তি। তরুণদের সুন্দর ভবিষ্যতের জন্য ভালো আয়ের ক্ষেত্র তৈরি করতে হবে।
দু’দিনব্যাপী এ সম্মেলনের প্রথম দিনে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সরকারের নীতি-নির্ধারক এবং কূটনীতিকরা অংশগ্রহণ করেন।
বিএফডবিউই সভাপতি রোকিয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেশনে আরো উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রমুখ।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ