রবিবারের মধ্যে দাবি মানা না হলে সোমবার থেকে খুলনা ও বরিশাল বিভাগসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় সব পণ্যবাহি পরিবহনে (ট্রাক-লরি) অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা দিয়েছে।

আজ শনিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে (২১ জেলা) পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান পরিষদের আহ্বায়ক আবদুল গফ্ফার বিশ্বাস।

তাদের দাবির মধ্যে রয়েছে- ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড এঙ্গেল, বাম্পার ও হুক অপসারণ সিদ্ধান্ত বাতিল, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ওয়েব্রিজে জরিমানা বাতিল, ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার, ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ, পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধ, ব্রিজের টোল কমানো, অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ, প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, জ্বালানি তেলের দাম কমানো, ভারতের পেট্রোপোল বন্দরে চালকদের নির্যাতন বন্ধ ও গত বছরের সীতাকুন্ডু থানায় ৪০০ অজ্ঞাত ট্রাক চালকদের নামে মামলা প্রত্যাহার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু, শেখ অহিদুল ইসলাম, মো. সামছুর রহমান. নুরুল হক লিপন প্রমুখ।

এমবি