প্রবাসীদের নিপীড়ন নিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরায় সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি তরুণ মো: রায়হান কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
দেশটির সংবাদমাধ্যম টেকডিপস.কম স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিনকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার অভিবাসী কর্মীদের ওপর নিপীড়নমূলক আচরণ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়ার কারণে গ্রেফতার করা হয় বাংলাদেশি তরুণ মো: রায়হান কবিরকে।
শনিবার (২৫ জুলাই) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন সাংবাদিকদের বলেন, “তদন্তে সহায়তা করার জন্য শনিবার থেকে তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আমরা যথাযথ তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
এদিকে, ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক সাংবাদিকদের জানান, ডকুমেন্টেশন এবং টিকিট ক্রয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রায়হানকে অভিবাসন ডিটেনশন ডিপোতে রাখা হবে এবং ২৫ বছর বয়সী মো. রায়হান কবিরকে নিজ দেশে ফেরার সময়কালটি দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।
এমবি





