হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ফেটে গেছে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) বিমানের একটি চাকা।

আজ (মঙ্গলবার) দুপুর ১২টা ১৮ মিনিটে শাহজালালের রানওয়েতে এই ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ।   

তিনি জানান, চাকা ফেটে যাওয়ার ঘটনার পর থেকেই বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রী, পাইলট ও ক্রুরা অক্ষত আছেন।

ঘটনার বিবরণ দিয়ে তারিক আহমেদ বলেন, থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) বিমানটি দুপুর ১২টা ১০ মিনিটে অবতরণের কথা ছিল। কিন্তু বিমানটি ১২টা ১৮ মিনিটে অবতরণ করে।

“অবতরণের সময় রানওয়েতে পানি জমে থাকায় বিমানটি রানওয়ের একটু পাশে অবতরণের চেষ্টা করে। ফলে এর একটি চাকা ফেটে যায়।”

এর পর রানওয়েতে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছুটে যান। তারা সেখানে কাজ করছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিমানের দুই যাত্রী জানিয়েছেন, বিমানটি ল্যান্ড করার জন্য দুই দুইবার চেষ্টা করেছিল। এসময় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দোয়া পড়তে শুরু করেন। বিমানটির চাকা ফেটে যাওয়ার শব্দ ছিল বিকট।

এমবি