চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে জঙ্গিরা সম্পৃক্ত কি-না সে ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক।

আজ (রোববার) দুপুরে চট্টগ্রাম শ্যুটিং ক্লাবে এক সুধী সমাবেশে তিনি এ তথ্য জানান।

আইজিপি বলেন, পেট্রোলবোমা মেরে যারা ক্ষমতায় যেতে চায় তারাই এখন দেশে গুপ্তহত্যা চালাচ্ছে। সব জঙ্গি ঘটনায় দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে।

সারা দেশে জঙ্গিদের ধরতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, জঙ্গি দমনে আপনারা পুলিশকে সহযোগিতা করুন। পুলিশের একার পক্ষে জঙ্গি নির্মূল করা সম্ভব নয়। যে কোনো মূল্যে এদের নির্মূল করা হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস সালাম, জেলা পরিষদ প্রশাসক এম এ ছালাম, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম প্রমুখ।

এসএম