গরমের মৌসুমকে কেন্দ্র করে যশোর শহরে ভ্যানের উপর শরবত বিক্রি করছেন বিক্রেতারা। আর এই শরবতের মুল উপাদান পানি।
সেই পানি সংগ্রহ করা হচ্ছে রাস্তার পাশে পৌরসভার সরবরাহকৃত পাইপ লাইনের ট্যাব থেকে। পৌরসভার পাইপ লাইনের পানি বিভিন্ন কাজে ব্যবহৃত হলেও তা পান করার জন্য কতটুকু উপযোগী তা নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে।
পাইপ লাইনের পানি খালি চোখে স্বচ্ছ দেখা গেলেও পাইপে জমে থাকা পানির কারণে ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবানু জন্মে। তাই স্বাস্থ্য সচেতন মানুষ জেনে শুনে পাইপ লাইনের পানি পান করা থেকে বিরত থাকে। কিন্তু শহরের এক শ্রেনির সুযোগ সন্ধানী অসাধু ব্যবসায়ী গরমের মৌসুমে সাধারণ মানুষের তৃষ্ণা মেটানোর নামে অস্বাস্থ্যকর এই পানির শরবত বিক্রি করছেন।
রবিবার যশোর শহরের মুজিব সড়কে (বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের পূর্ব পাশে) অবস্থিত রাস্তার পাশের ড্রেনের সাথে লাগানোর পৌরসভার ট্যাব থেকে শরবত তৈরির পানি সংগ্রহ করতে দেখা যায় এক শরবত বিক্রেতাকে।
জনৈক বিক্রেতাকে এই পানি ব্যবহারের কারণ জানতে চাইলে, সে সোজাসাপ্টা জবাব দেয়, মানুষ খাচ্ছে তাই এখান থেকে পানি নিচ্ছি।
পথচারী কয়েকজন মানুষের সাথে এ বিষয়ে কথা বললে তারা জানান, আসলে অনেকেই এই বরফ মিশ্রিত ঠান্ডা পানির সাথে ট্যাং, লেবুর রস, মাল্টাসহ এবং বিভিন্ন রং মিশিয়ে এই শরবত বিক্রি করছে।
কোথা থেকে পানি সংগ্রহ করা হয়েছে তা না জেনেই পান করছেন। এটা ঠিক নয়। এটা স্বাস্থ্যের জন্য উপকারের বিপরীতে অপকার করবে। এই কাজটি শহরের প্রধান প্রধান সড়কের উপর সংঘটিত হলেও তা দেখার কেউ নেই।
তারেক/জেড





