পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে সিয়াম নামে পাঁচ বছর বয়সী শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় জড়িত অভিযোগে শিশুটির সৎ মা আরজিনা খাতুনসহ (২৪) তিনজনকে পুলিশ আটক করেছে।
স্থানীয়রা জানায়, ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে সিয়ামকে না পেয়ে তার মা সুমী খাতুনসহ স্বজনরা সন্ধান করে।
এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৎ মা আরজিনা খাতুনের ঘরে সিয়ামের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের মা সুমী খাতুনের অভিযোগ, স্বামী সংসার থেকে তার চিহ্ন মুছে ফেলতে পরিকল্পিতভাবে ছেলে সিয়ামকে আরজিনা ও তার পরিবারের লোকজন হত্যা করেছে।
তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, লাশের সুরতহাল প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা আরজিনা খাতুন, সিয়ামের চাচাতো ভাই শাকিল হোসেন ও তার স্ত্রী উর্মী খাতুনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
এম এ





