সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার (২০ আগস্ট) দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়ার বাইনতলা খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পরে কোস্টগার্ড দস্যুদের ফেলে যাওয়া ১০টি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র, একটি মোবাইল ফোনসেট ও নৌকা উদ্ধার করে।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. ফরিদুজ্জামান খান জানান, দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়ার বাইনতলা খাল এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সেখানে কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় দস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করলে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়।
উভয়পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধের একপর্যায়ে বনের গহীনে পালিয়ে যায় দস্যুরা। পরে কোস্টগার্ড সেখানে তল্লাশি করে ১০টি আগ্নেয়াস্ত্র, একটি মোবাইল ফোনসেট ও নৌকা উদ্ধার করে।
এমএনজে





