বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামে ডাকাত সদস্য সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
রোববার দিবাগত রাত ২টার দিকে মেঘনা’র শাখা নদী বাউশিয়া নদী তীরবর্তী ওই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরাজ (২২), হারুন (২২) ও হানিফ (২৫)। নিহতদে মধ্যে হানিফ হিজলার বাউসিয়া গ্রামের বাসিন্দা এবং মিরাজ ও হারুন খুলনা জেলার গবিন্দপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন থানা পুলিশ।
নিহতের লাশ উদ্ধার করে হিজলা থানা কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে এবং সব প্রস্তুতি শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।
স্থানয়ীদের বরাত দিয়ে ওসি জানান, রাত ২টার দিকে বাউশিয়া নদী তীরবর্তী বাহেরচর গ্রামে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে বেশ কয়েকজন ডাকাত সদস্য হানা দেয়।
গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে জোটবদ্ধ হয়ে ডাকাত সদস্যদের ধাওয়া দেয়। এসময় সবাই পালিয়ে গেলেও ওই তিনজনকে গ্রামবাসী ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন ও মৃতদেহগুলো উদ্ধার করেছে। এছাড়া পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
এমকে





