নারায়ণগঞ্জ শহরের জামতলা আবাসিক এলাকায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ একজনকে আটক করেছে পুলিশ। জামতলার একটি ফ্ল্যাট বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রোববার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের ওই অভিযানে মাদকগুলো উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় মাদক বিক্রেতা শামসুজ্জোহা সোহেলকে।

তিনি চাঁদপুর জেলার মতলব এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এ সময় মাদক বিক্রেতা রাহাতের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিয়া জানান, রাতে নগরের জামতলা আবাসিক এলাকার সালাউদ্দিন মিয়ার মালিকানাধীন চারতলা বাড়ির নিচতলার ভাড়া দেওয়া ফ্ল্যাট থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে পুলিশ মাদক বিক্রেতা শাহসুজ্জোহা সোহেলকে আটক করে ।

এ সময় ওই ফ্ল্যাটে পুলিশ অভিযান চালিয়ে ৬০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ ও ৫০ কার্টুন (প্রতি কার্টুন ২৪ পিস করে) বিয়ার উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির মূলহোতা রাহাতের ব্যবহৃত একটি এলিয়েন প্রাইভেটকার জব্দ করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিয়া জানান, মাদকের মূলহোতা রাহাতকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এমকে