ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া মোড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।

সোমবার(১৩ ফেব্রুয়ারী)বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম অয়ন (২৫) বলে জানা গেছে। তার বাড়ি ঝিনাইদহ জেলায়।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহাগ পরিবহনের সুপারভাইজার নিহত হন।

আহতদেরকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে সেখানে অপর ২ জনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

এমই