গোপালগঞ্জের মুকসুদপুরে মুন্সি ও গাজী বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার ডাঙ্গা দূর্গাপুর গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাকিদের বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী জানান, বুধবার বিকালে ফারুক মুন্সির ভাই মিরান মুন্সি ও ইমরান মিয়াকে এলাকার আধিপত্য বিস্তার ও গ্রাম্য দলাদলির জের ধরে শাহজাহান গাজীর লোকজন মারধর করে।

এর জের ধরে বৃহস্পতিবার সকালে মুন্সি বংশের লোকজন গাজী বংশের লোকজনের ওপর হামলা চালায়।

পরে উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, দুই বংশ এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

কেএইচ