মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি করেছে ছাত্র-অভিভাবক ঐক্য ফোরাম।

একই সঙ্গে এই কমিশনকে ‘তদন্ত কমিশন আইন ১৯৫৬’-এর আওতায় গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ফোরামের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। সেখানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আসেফ বিন তাকি আর অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন আশরাফ কামাল।

সংবাদ সম্মেলনে প্রজেক্টরের মাধ্যমে ‘ফাঁস’ হওয়া প্রশ্নপত্র দেখানো হয়। তাদের দাবি ভর্তি পরীক্ষা যে প্রশ্নপত্র দিয়ে হয়েছে সেটির সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের ৭৭টির মিল রয়েছে।

একই সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে পাস করা এক শিক্ষার্থীর মোবাইল কথোপকথন (রেকর্ড) শোনানো হয়। ফোরামের দাবি ওই শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

সংবাদ সম্মেলনে তারা বলেন, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম একজন সাংসদের মাধ্যমে তাদের সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করেছেন।

ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে সাংবাদিকদের উপস্থিতিতে এ বৈঠক হতে হবে। এবং এটি রুদ্ধদার বৈঠক হবে না। আর বৈঠকের জন্য তাঁরা আগামী সোমবারের কথা বললেও মন্ত্রী কিছু জানাননি।

এর আগে সকাল ১০টার দিকে ছাত্র-অভিভাবক ঐক্য ফোরামের ব্যানারে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখানে তাঁরা প্রতিদিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এসএইচ