এক পিকআপ জাটকাসহ আটক ৭ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে তাদের আটক করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমান শুক্রবার বিকাল ৫টার দিকে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. পিয়ারুল, মো. সবুজ, মো. খোকন, আবু তাহের, আবদুর রশিদ, বিল্লাল হোসেন ও পিকআপ চালক রফিকুল ইসলাম। এদের মধ্যে রফিকুল ইসলামের বাড়ি বাগেরহাট এবং অন্যরা সবাই ভোলা জেলার বাসিন্দা।

সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুনীলচন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে পিকআপভর্তি প্রায় ৩০ মণ জাটকাসহ তাদের আটক করে। পরে জাটকাগুলো এতিমখানা ও দরিদ্রদের দেয়া হয়। বিকালে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

আদালতে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ইকবাল হোসেন ও মজু চৌধুরীর হাট কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার জেবল হকসহ অনেকে।

কেএইচ