ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহেনা।
বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ৭ টার (বাংলাদেশ সময় সোয়া ৮টা) দিকে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান তারা।
বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সময় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীসহ হাইকমিশনের উচ্চপদস্থরা।
দিল্লি থেকে টেলিফোনে হাইকমিশনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার এনামুল হক চৌধুরী এসব কথা জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে নিয়ে যাওয়ার পর সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
এর আগে বুধবার সকাল ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী।
এআই





