গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অমিছা বেগম (৪৫) নামের এক বিধবা নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা সোনার পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অমিছা ওই গ্রামের মৃত আকাব্বর আলীর স্ত্রী।
আটককৃতরা হলেন- নিহতের ননদ আয়শা বেগম (৬৫), জা জুলেখা বেগম (৪০) ও ভাগিনা বউ মিনা বেগম ৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে অমিছার বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে বাক-বিতণ্ডার এক পর্যায়ে জা-ননদরা মিলে অমিছাকে লাঠি দিয়ে যৌনাঙ্গসহ শরীরে এলাপাতারি আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান অমিছা।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরো জানান, নিহতের শরীরে অন্যান্য আঘাতের মধ্যে যৌনাঙ্গের আঘাত ছিল মারাত্মক। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআর





